আধার বিতর্কের অবসান! প্যান কার্ডেই মিলবে কমিশনের পোর্টালে প্রবেশের বিশেষাধিকার

রাজ্যের ট্রাইবুনালের বিচারকদের আধার ভিত্তিক যাচাইকরণ সংক্রান্ত আপত্তিতে বড়সড় স্বস্তি দিল নির্বাচন কমিশন। সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, এখন থেকে বিচারকেরা আধার কার্ডের পরিবর্তে প্যান কার্ড এবং সরকারি পরিচয়পত্র ব্যবহার করেই কমিশনের নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করতে পারবেন। বিচারকদের একাংশের আপত্তির পরেই কমিশনের তরফে এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নিযুক্ত ট্রাইবুনালের বিচারকদের একাংশ আধার নম্বর যাচাই করে পোর্টালে প্রবেশের নিয়মের বিরোধিতা করে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়েছিলেন। ২১ সেপ্টেম্বর কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে পোর্টাল আপডেটের প্রক্রিয়া ব্যাখ্যা করার পরই এই মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত বিচারকদের উদ্বেগকে মান্যতা দিয়ে বিকল্প হিসেবে প্যান কার্ড ব্যবহারের অনুমতি দিল নির্বাচন কমিশন।