ইউজিসি নেট ও নিট বিভ্রাট! এনটিএ-তে ৬০০ বিশেষজ্ঞ বরখাস্ত, বদলাচ্ছে অফিসও

দেশজুড়ে নিট ও ইউজিসি নেট পরীক্ষার একের পর এক বিতর্ক এবং প্রশ্নপত্রে ত্রুটির জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-তে নজিরবিহীন রদবদল আনা হয়েছে। সংস্থাটির বর্তমান কাঠামো ঢেলে সাজাতে প্রায় ৬০০ জন বিষয় বিশেষজ্ঞকে একসঙ্গে অপসারণ করা হয়েছে এবং তাঁদের স্থলাভিষিক্ত করা হয়েছে নতুন বিশেষজ্ঞদের। শুধু অভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তনই নয়, ওখলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পুরনো দপ্তর ছেড়ে নতুন ঠিকানায় অফিস স্থানান্তরের কাজও দ্রুত গতিতে শুরু হয়েছে। পাশাপাশি, নতুন এই কার্যালয়ের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ানদের।
সম্প্রতি ইউজিসি-নেট পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নপত্রে মারাত্মক ভুলের জেরে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় এনটিএ, যা আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর পুনরায় অনুষ্ঠিত হবে। এই ঘটনার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কঠোর পদক্ষেপ নিয়ে চারস্তরীয় যাচাই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সাইবার সিকিউরিটি ও সাইকোমেট্রি ক্ষেত্রে বেসরকারি বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে এবং শীর্ষ পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গঠিত উচ্চপর্যায় টাস্কফোর্সের পরামর্শ মেনেই এই ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে, যাতে ভবিষ্যতের সমস্ত পরীক্ষায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে।