‘NEET ব্যবস্থা ভাঙা আসাম্ভব!’ সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিস্ফোরক দাবি, ফাঁস রুখতে কড়া ছক

দেশজুড়ে বহুল আলোচিত NEET-UG পরীক্ষার সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত জোরদার এবং এটি ভাঙা প্রায় আসাম্ভব বলে সুপ্রিম কোর্টে দাবি করেছে কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস রুখতে সরকারের গৃহীত কঠোর পদক্ষেপের বিবরণ দিয়ে জানানো হয়, প্রশ্ন বহনকারী গাড়িতে জিপিএস ট্র্যাকিং থাকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্ন নির্বাচন গোপন রাখতে একাধিক মডারেটর নিয়োজিত থাকেন।
শুনানি শেষে সুপ্রিম কোর্ট পুরো পরিকাঠামোকে আরও ‘প্রাতিষ্ঠানিক’ করার নির্দেশ দিয়েছে। আদালতের পরামর্শ—সাইবার নিরাপত্তা জোরদার করা, সিল করার জন্য স্থায়ী কমিটি গঠন এবং সার্বিক তদারকির জন্য ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক নিয়োগ করতে হবে।
এর পাশাপাশি, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা NTA-র কর্মী সংকট ও প্রযুক্তিগত ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন ও সংসদ অভিযান দেখা গিয়েছিল। পরবর্তীতে সরকারের দেওয়া প্রতিশ্রুতি ও আশ্বাসে আন্দোলন শান্ত হলেও আইনি লড়াই অব্যাহত রয়েছে।