অ্যাপের স্টোরেজ বাঁচিয়ে উবেরেই ট্রেনের টিকিট বুকিং, এবার যাত্রা হবে আরও সহজ!

উবের ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার থেকে শুধু ক্যাব বা বাইক বুকিং নয়, ট্রেনের টিকিটও কাটা যাবে উবের অ্যাপ থেকেই। ইক্সিগোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই নতুন ফিচার নিয়ে এসেছে উবের, যা যাত্রীদের ফোনের স্টোরেজ বাঁচানোর পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে আরও সহজতর করবে। মূলত যাত্রীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একটি মাত্র অ্যাপ ব্যবহার করেই ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে স্টেশন পর্যন্ত যাতায়াতের ক্যাব বুকিং, সবই সম্ভব হয়।
এই প্রক্রিয়ায় টিকিট কাটার জন্য প্রয়োজন হবে যাত্রীর আইআরসিটিসি আইডি। অ্যাপের ট্রেন এবং বাস বুকিং অপশনে গিয়ে গন্তব্যের তথ্য ও যাত্রীর বিবরণ দিলেই অনায়াসে টিকিট কনফার্ম করা যাবে। পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে প্রায় ৭৪১ কোটি যাত্রী ট্রেনযাত্রা করেছেন, যাঁদের বড় অংশেরই ভরসা অনলাইন টিকিট। আইআরসিটিসি প্ল্যাটফর্মের জটিল ক্যাপচা বা পপ-আপের ঝামেলা এড়িয়ে দ্রুত টিকিট কাটার সুবিধা দেওয়াই উবেরের মূল লক্ষ্য। দূরপাল্লার বাস বুকিংয়ের সুবিধাও যুক্ত হওয়ায়, এই নতুন ফিচারটি ভ্রমণপিপাসুদের অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।