১৩ হাজার কোটির রেল প্রকল্প: বাংলা ও ওডিশা সহ চার রাজ্যে পরিকাঠামো উন্নয়নের বড় ঘোষণা
দেশের চারটি রাজ্যের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে ১৩,০৪১ কোটি টাকার রেল প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ— এই চার রাজ্যের মোট আটটি জেলা জুড়ে বাস্তবায়িত হবে এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলি।
এর মাধ্যমে ভারতীয় রেলের নেটওয়ার্কে যুক্ত হবে প্রায় ৪১০ কিলোমিটার নতুন রেলপথ। নতুন এই প্রকল্পগুলির ফলে দেশের প্রায় ৬,৪৪৮টি গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, যার ফলে উপকৃত হবেন প্রায় ৬০ লক্ষ মানুষ। এছাড়া খড়্গপুর-ভদ্রক, ভদ্রক-হরিদাসপুর, গুম্মিডিপুন্ডি-গুডুর এবং কটক-পারাদ্বীপ লাইনের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় যাত্রী ও পণ্য পরিবহন আরও মসৃণ হবে।
রেল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়বে। কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য, ভিতরকণিকা জাতীয় উদ্যান, মা ভদ্রকালী মন্দির এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মতো একাধিক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের সাথে রেল যোগাযোগ আরও উন্নত হবে।