ঝড়বৃষ্টিতে ভিজে ভোররাত থেকে তীব্র ভোগান্তি, কাঁথিতে আধার কার্ড সংশোধনের প্রক্রিয়ায় নতুন মোড়

ঝড়বৃষ্টিতে ভিজে ভোররাত থেকে তীব্র ভোগান্তি, কাঁথিতে আধার কার্ড সংশোধনের প্রক্রিয়ায় নতুন মোড়

পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার প্রধান পোস্ট অফিসে আধার কার্ড সংশোধন করতে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন সেখানে মাত্র ৪০ জন আবেদনকারী এই পরিষেবা পান, যার ফলে বহু দূর-দূরান্ত থেকে আসা মানুষদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে ঝড়বৃষ্টির মধ্যে আশ্রয় নিতে হচ্ছে রাস্তার পাশের দোকানে। এই তীব্র দুর্ভোগ কাটাতে এবং আবেদনকারীদের হয়রানি কমাতে কাঁথির বাসিন্দারা আধার কার্ড সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও সরলীকরণের জোরালো দাবি জানিয়েছেন।

স্থানীয় অধিবাসীদের প্রস্তাব অনুযায়ী, আধার কেন্দ্র কেবল নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ না রেখে গ্রামীণ এলাকার ব্যাংক, সহজ তথ্য মিত্র কেন্দ্র ও বিভিন্ন সিএসপি (CSP)-তে চালুর ব্যবস্থা করা হোক। আধার কার্ড প্রক্রিয়াকরণের পরিধি বাড়ালে সাধারণ মানুষকে আর রাত জেগে লাইনে দাঁড়াতে হবে না। এই গুরুতর সমস্যাটির স্থায়ী সমাধানের লক্ষ্যে আধার সংশোধনের সুযোগ একাধিক কেন্দ্রে সম্প্রসারিত করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছেন কাঁথিবাসী। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসনের আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *