প্রেম বিচ্ছেদের ইচ্ছাই কি ডেকে আনল কাল? একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে তুঙ্গে চাঞ্চল্য!

নদিয়ার শান্তিপুরের ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায় একাদশ শ্রেণির এক নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় নিজ ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরিবারের অভিযোগ, এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রীর। কিন্তু সম্প্রতি সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে প্রেমিক তার ওপর মারধর, ব্ল্যাকমেল এবং চরম মানসিক অত্যাচার শুরু করে। এই ক্রমাগত নির্যাতনের জেরে মানসিকভাবে ভেঙে পড়েই নাবালিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের দাবি।
মৃত ছাত্রীর ঘর থেকে একটি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার হয়েছে, যেখানে সম্পর্কের বিস্তারিত বিবরণ ও সাক্ষাতের তথ্য উল্লেখ রয়েছে। পরিবার ইতিমধ্যে ডায়েরিটি পুলিশকে হস্তান্তর করে অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ডায়েরির সূত্র ধরে ও লিখিত অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার সত্যতা যাচাইয়ে জোর তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।