এনআরসি চালুর দাবিতে উত্তপ্ত মণিপুর, সরকারের বড় পদক্ষেপে ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কড়া নির্দেশ

জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি আপডেটের দাবিতে ফের চরম উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। প্রস্তাবিত জনগণনার কাজ শুরু করার আগেই রাজ্যজুড়ে এনআরসি চালুর দাবিতে ‘ক্যাম্পেইন ফর জাস্ট অ্যান্ড ফেয়ার ডেলিমিটেশন’ ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর এবং থৌবাল জেলায় হাজার হাজার আন্দোলনকারী রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে। এমনকি বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন এবং এনআরসি চূড়ান্ত হওয়ার আগে কোনওভাবেই জনগণনা করা যাবে না। তীব্র এই অশান্তির কারণে থৌবাল জেলায় নির্ধারিত জনগণনার প্রশিক্ষণ শিবিরও প্রশাসন বাতিল করতে বাধ্য হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকার ইম্ফল উপত্যকাসহ সমস্ত জেলায় ২০ থেকে ২২ অগস্ট পর্যন্ত টানা ৩ দিন সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার আদেশ জারি করেছে। এদিকে আন্দোলনকারী সংগঠনটি সরকারি কার্যালয় বয়কটের ডাক দেওয়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পরপরই মুখ্যমন্ত্রী সিআরপিএফ-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে জানানো হয় যে রাজ্য পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে শান্তি ফেরাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।