অরুণাচলে চিনের অনুপ্রবেশ উড়িয়ে কড়া জবাব রিজিজুর, সীমান্ত নীতি নিয়ে তোপ কংগ্রেসকে!

অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি অঞ্চলে চিনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ ও সেনার পেট্রোলিংয়ে বাধার খবর সামনে আসতেই কেন্দ্রীয় রাজনীতি গরম হয়ে উঠেছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব তলব করে সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। লাদাখের ২০২০ সালের পূর্বের অবস্থা বহাল রয়েছে কি না, তা নিয়েও মোদী সরকারকে নিশানা করে হাত শিবির। তবে এই সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী তথা পশ্চিম অরুণাচল লোকসভা কেন্দ্রের সাংসদ কিরেন রিজিজু। তিনি দাবি করেন, ভারতীয় সেনা দেশের অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং অরুণাচলে কোনো অনুপ্রবেশ ঘটেনি।
প্রাক্তন ইউপিএ সরকারকে তীব্র আক্রমণ করে রিজিজু বলেন, অতীতে দেশের সীমান্ত এলাকাগুলোকে চরম অবহেলা করা হলেও মোদী সরকার সীমান্ত পরিকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০১৩ সালের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির বক্তব্য উল্লেখ করে তিনি দাবি করেন, মোদী সরকার সেই পুরনো নীতি সম্পূর্ণ বদলে দিয়েছে। উল্লেখ্য, চিনের নামবদলের উস্কানির জবাবে সম্প্রতি ভারতও তিব্বতের ২৭টি এলাকার নাম সরকারি মানচিত্রে নথিভুক্ত করেছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতির জন্য সীমান্তে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি, অন্যদিকে চিনের দাবি সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।