‘আন্ডার প্রসেস’-এই আটকে ভাতা! ক্ষোভে ফেটে পড়ে বালুরঘাটে এসডিও অফিসের নামফলক ভাঙলেন মহিলারা

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। দীর্ঘদিন ধরে আবেদন জমা থাকা সত্ত্বেও পোর্টালে স্টেটাস ‘আন্ডার প্রসেস’ দেখায় এবং কোনো ভাতা না মেলায় বালুরঘাট মহকুমা শাসকের (SDO) অফিসে শতাধিক মহিলা বিক্ষোভ দেখান।
অভিযোগ, বারবার যোগাযোগ করেও মিলেনি সদুত্তর। ক্ষোভের মুখে পড়ে উত্তেজিত মহিলাদের একাংশ অফিসে ইটবৃষ্টি করেন এবং নামফলক ভেঙে দেন। এরপর বিক্ষোভকারীরা জেলাশাসকের (DM) অফিসের সামনে গিয়ে রাস্তা অবরোধ করলে ব্যস্ততম ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, সচ্ছল ও অযোগ্য পরিবারগুলো ভাতা পেলেও দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ীদের মতো প্রকৃত অভাবী পরিবারগুলোকে বঞ্চিত রাখা হচ্ছে। খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অবরোধ তোলে। তবে দ্রুত বকেয়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ভাতা না দিলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা।