গ্লাভস পরে বৃদ্ধ বাবাকে খুন! তারকেশ্বরের চাঞ্চল্যকর কাণ্ডে দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড

তারকেশ্বর: সম্পত্তির লোভে নিজের জন্মদাতা বাবাকে নৃশংসভাবে খুন করার অপরাধে ছেলে ও বৌমাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চন্দননগর আদালত। ২০২৩ সালের ৬ জুলাই রাতে হুগলির তারকেশ্বর থানার গৌরবাটি গ্রামে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
ঘটনার দিন রাতে খাওয়া-দাওয়া শেষে দোতলার ঘরে ঘুমোতে যান বৃদ্ধ আদিত্য কোলে। রাত ১টা নাগাদ স্বামীর ঘর থেকে কান্নার শব্দ পেয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন তাঁর স্ত্রী সাবিত্রী দেবী। কিন্তু দেখতে পান তাঁর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। পরবর্তীতে নাতির সাহায্যে দরজা খুলে বাইরে এসে তিনি শিউরে ওঠেন। সাবিত্রী দেবী দেখেন, পুত্রবধূ পূজা কোলের প্ররোচনায় ছেলে অমিত কোলে হাতে গ্লাভস পরে বৃদ্ধ বাবার বুকের ওপর বসে গলা টিপে তাঁকে হত্যা করছে। এমনকী সাবিত্রী দেবীদিplotsকেও মেরে ফেলার উসকানি দেওয়া হয়। সেখান থেকে কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে দেওরের বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধা।
পরবর্তীতে তারকেশ্বর থানায় ছেলে ও বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সাবিত্রী কোলে। পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত শেষ করে চার্জশিট পেশ করে। স্পেশাল পিপি শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, ১৯ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রমাণ লোপাটের জন্য অভিযুক্ত ছেলে গ্লাভস ব্যবহার করেছিল।
মামলার শুনানির পর চন্দননগর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মানবেন্দ্রমোহন সরকার অভিযুক্ত অমিত কোলে ও পূজা কোলেকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান। আদালতের মতে, অপরাধের মাত্রা অত্যন্ত ঘৃণ্য হলেও অভিযুক্ত দম্পতির ছোট ছোট সন্তানদের কথা বিবেচনা করেই সর্বোচ্চ শাস্তির পরিবর্তে এই সাজা দেওয়া হয়েছে।