যন্তর মন্তরে পুলিশি তাণ্ডব? অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সুপ্রিম তদন্ত কমিটি!

রাজধানীর যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র বিক্ষোভ দমনে পুলিশের ‘অতিরিক্ত’ বলপ্রয়োগ ও হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কঠোর পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। পরিস্থিতি তদন্তে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি (HPEC) গঠন করা হয়েছে।
সাম্প্রতিক একাধিক আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর পেলেট গান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এমনকি ইলেকট্রিক ব্যাটন ব্যবহারের মতো গুরুতর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এই সমস্ত বিষয় নিরপেক্ষভাবে খতিয়ে দেখার পাশাপাশি মহিলা আন্দোলনকারীদের ওপর হেনস্তা ও নিপীড়নের অভিযোগগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করতে হবে।
বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বাধীন এই বিশেষ কমিটিতে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবি শঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শালিন্দর কৌর, প্রাক্তন সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লা এবং মেঘালয়ের অবসরপ্রাপ্ত ডিজিপি ড. এল.আর. বিষ্ণোই।
তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, আন্দোলন চলাকালীন সময়কার সমস্ত সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও, বডি ক্যামেরার রেকর্ডিং এবং পিসিআর কলের রেকর্ড অবিলম্বে সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশকর্মীদের ওপর আক্রমণের যে অভিযোগ রয়েছে, তাও খতিয়ে দেখবে এই কমিটি। এখন এই উচ্চপর্যায়ের তদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকেই তাকিয়ে সব মহল।