‘নোটিস ছাড়া ভুল জমি ভাঙা হয়েছে’, আমতলার কার্যালয় কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘নোটিস ছাড়া ভুল জমি ভাঙা হয়েছে’, আমতলার কার্যালয় কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার বিষয়ে কলকাতা হাইকোর্ট থেকে আপাতত স্বস্তি মিলল। উক্ত কার্যালয় ভাঙার ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই কার্যালয়টি ভাঙার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমতলায় অভিষেকের এই কার্যালয়টিকে বেআইনি দাবি করে প্রশাসন ভাঙার কাজ শুরু করে। ১৮ জুলাই কার্যালয়ের একাংশ ভেঙে ফেলার পরদিন বিষয়টি আদালতে পৌঁছালে হাইকোর্টের একটি বিশেষ এজলাস ভাঙার কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর পক্ষে আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, অভিযোগ ছিল ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমির বিরুদ্ধে, অথচ প্রশাসন ভেঙেছে ৫০৭ নম্বর দাগে থাকা অভিষেকের কার্যালয়। পাশাপাশি, ভাঙার পূর্বে কোনো নোটিস দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন এবং ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেন। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কিছুটা সময় চান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *