লখনউয়ে ভয়ঙ্কর কাণ্ড: স্ত্রীকে খুনের পর বোনকে গুলি, আত্মঘাতী স্বামী!

লখনউয়ের গোমতী নগর এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর অপরাধের ঘটনা ঘটেছে। নিজের স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করার পর নিজের বোনকেও গুলি বিদ্ধ করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। অভিযুক্ত যুবকের নাম মানব বাজপেয়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গোমতী নগরের বিবেক খণ্ডে অবস্থিত একটি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কাছে প্রথমে তাঁর স্ত্রী—যিনি পেশায় একজন ব্যাঙ্ককর্মী—তাকে গুলি করে হত্যা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার রেশ কাটতে না কাটতেই কাছেই উসরিয়া মোড়ের নিকট থেকে আরও একটি গুলির খবর পায় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ মানব বাজপেয়ীর মৃতদেহ উদ্ধার করে এবং তাঁর বোনকে গুরুতর আহত অবস্থায় রক্তাপ্লুত দেখতে পায়।
পূর্ব লখনউয়ের ডিসিপি দীক্ষা শর্মা ও জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার জানান, মানবপ্রথমে স্ত্রীকে এবং পরে বোনকে গুলি বিদ্ধ করেন, এরপর নিজে আগ্নেয়াস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার ঠিক আগে মানব তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি দীর্ঘ বার্তা রেখে যান, যেখানে স্ত্রীর পর বোন ও নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তের কথা স্পষ্ট লেখা ছিল।
ঘটনাস্থল ও মানবের বাড়ি থেকে পুলিশ মোট তিনটি বেআইনি অস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার করেছে। পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো গভীর কারণে এই ঘটনা, তা জানতে স্বজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।