‘রাজনৈতিক মতভেদ ভুলে বিকশিত ভারত গড়ুন’, দক্ষিণের রাজ্যগুলোকে শাহের আহ্বান

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে দেশের সার্বিক উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুর মহাবলীপূরমে আয়োজিত ৩১তম দক্ষিণ আঞ্চলিক পরিষদের বৈঠকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তিনি এই বার্তা দেন।
এই বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়, কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারসহ একাধিক রাজ্যের উপমুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও শীর্ষ সরকারি আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
বৈঠকে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার দাবি করেন, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন অপরিবর্তিত রেখেই যেন নারীদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণ চালু করা হয়। কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেই বিষয়েও তিনি জোর দেন। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ও।
উভয় নেতাই তুলে ধরেন যে, জনসংখ্যা নিয়ন্ত্রণে দক্ষিণ ভারতের রাজ্যগুলো অত্যন্ত সফল ভূমিকা পালন করেছে। তাই আসন পুনর্নির্ধারণের কারণে তাদের লোকসভার প্রতিনিধিত্ব বা রাজনৈতিক ক্ষমতা যেন কোনোভাবেই কমে না যায়। সূত্রের খবর, তাঁদের এই উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন অমিত শাহ এবং জানিয়েছেন যে রাজ্যগুলির স্বার্থ সুরক্ষিত রাখা হবে।