২৪ ঘণ্টার চরম হুঁশিয়ারি ফায়ার ব্রিগেডের, বন্ধ হতে চলেছে মির্জা গালিব স্ট্রিটের একাধিক হোটেল

কলকাতা নিউ মার্কেট লাগোয়া মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৯ জন, যাদের মধ্যে ৮ জনই বাংলাদেশি নাগরিক। জরুরি বের হওয়ার পথ বন্ধ থাকা এবং কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় সেখানে ট্র্যাজিক পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশনের নথির সহায়তায় সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকার ও ব্যবসায়ী এসএম আলিমুজ্জামানসহ বাকি মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় লিজ হোল্ডারকে গ্রেপ্তার ও দুইজনকে আটক করেছে পুলিশ।
ভয়াবহ এই বিপর্যয়ের পর এবার কঠোর অবস্থান নিয়েছে দমকল বিভাগ। এলাকাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যালোচনা করে মোট ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তোরাঁ-কাম-বারকে দমকল আইনের ৩৭এ ধারায় শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অগ্নিসুরক্ষা সংক্রান্ত সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ।