আম্বানির সাহায্যে ইকবালের চিকিৎসা চলছে, কিন্তু পুকুরে ডুবে থাকা তার তিন ‘বাপমরা’ বোনের কী হবে?

মুর্শিদাবাদের বেলডাঙার কিশোর ইকবাল বিরল রোগের কারণে দিনের পর দিন পুকুরে ডুবে থাকত। সম্প্রতি তার সেই ভিডিও ভাইরাল হলে রিলায়েন্সের অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে তার চিকিৎসার ব্যবস্থা হয়। কিন্তু ইকবালের পরিবারেই লুকিয়ে আছে আরও এক মর্মান্তিক চিত্র। জানা গিয়েছে, ইকবালের জেঠুর তিন মেয়েও হুবহু একই বিরল রোগে আক্রান্ত। ১০-১২ বছর বয়স থেকেই তাদের শরীরে অসহ্য জ্বালা শুরু হয়, যার উপশম খুঁজতে তারাও ঘণ্টার পর ঘণ্টা পুকুরের জলে ডুবে থাকে। এর ফলে তাদের শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং তিনজনেরই ওজন অস্বাভাবিকভাবে বেড়ে ১০০ কেজি ছাড়িয়েছে।
চার বছর আগে বাবা মারা যাওয়ার পর এই তিন মেয়েকে নিয়ে চরম সংকটে পড়েছেন মা গুলশন। স্থানীয় এক মাদ্রাসায় পরিচারিকার কাজ করে মাসে মাত্র তিন হাজার টাকা রোজগার করেন তিনি। এই সামান্য আয়ে সংসার চালানোই যেখানে দায়, সেখানে মেয়েদের মহার্ঘ চিকিৎসা তাঁর কাছে দিবাস্বপ্ন। ইকবালের মতো তাঁর মেয়েদেরও উন্নত চিকিৎসার প্রয়োজন, তা বুঝলেও টাকার অভাবে অসহায় তিনি। ইকবালের চিকিৎসার খবরে এখন বুক বাঁধছেন গুলশন ও স্থানীয়রা; তাঁদের আশা, এই তিন পিতৃহীন মেয়ের চিকিৎসার জন্যও হয়তো এগিয়ে আসবে কোনও সহৃদয় হাত।