মাঝরাতে আচমকা স্বাস্থ্যকেন্দ্রে হাজির স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী, ওয়ার্ডে ঢুকতেই স্তম্ভিত ডাক্তার থেকে নার্সরা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পরিবর্তন এবং সরকারি হাসপাতালগুলোর সঠিক পরিষেবা নিশ্চিত করতে মাঠে নেমেছেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কোনো আগাম খবর ছাড়াই তিনি হঠাৎ পৌঁছে যান পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জেলা স্বাস্থ্য দফতর কিংবা পুলিশ, কারও কাছেই মন্ত্রীর এই ঝটিকা সফরের কোনো তথ্য ছিল না। আচমকা স্বাস্থ্যমন্ত্রীকে সোজা ওয়ার্ডে ঢুকতে দেখে হতবাক হয়ে যান কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। সফরকালে তিনি জরুরি ও ইনডোর বিভাগ পরিদর্শন করেন এবং ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের পাশাপাশি তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী ফ্রিজার খুলে ওষুধ ও ভ্যাকসিনের স্টক খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি ডেট এক্সপায়ার হয়েছে কি না এবং নথিপত্র ঠিক আছে কি না তা খতিয়ে দেখেন। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে কাজের জন্য এক নার্সের পিঠ চাপড়ে প্রশংসাও করেন তিনি। মন্ত্রী জানান, অতীতে তিনি নিজেও এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কোয়ার্টারে বেশ কিছু সময় কাটিয়েছেন। তবে চিকিৎসার মান ভালো হলেও হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাফাই ব্যবস্থার ওপর আরও জোর দেওয়ার জন্য কড়া নির্দেশ প্রদান করেন তিনি।