আকাশপথে পরিদর্শনের পরেই বড় ঘোষণা! বন্যা রুখতে ১২০০ কোটির ‘আরামবাগ মাস্টার প্ল্যান’ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর আরামবাগবাসীর জন্য এক যুগান্তকারী ঘোষণা করেছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের ধাঁচে এবার বন্যা রুখতে তৈরি হচ্ছে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’। এই মেগা প্রকল্পের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আরামবাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান এনসিপিআই সাংসদ মিতালি বাগ এবং পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সাংসদ জানান, সাধারণ মানুষকে যাতে বারবার বন্যার কবলে পড়তে না হয়, তার স্থায়ী সমাধান খুঁজতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।
মুখ্যমন্ত্রী সতর্ক করে জানান, আগামী সেপ্টেম্বরে ফের এই এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে, তাই সেচদপ্তরকে দ্রুত কাজ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, এলাকার বিভিন্ন ব্রিজ কংক্রিট করা এবং আরামবাগ সেতুর কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ২০২৭ সালের মধ্যে শেষ হবে। এছাড়া, পূর্বতন সরকারের আমলে শুরু হওয়া ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর কাজও যাতে স্থগিত না হয়, সে বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের এই উদ্যোগে দীর্ঘদিনের জলযন্ত্রণার অবসানের আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ।