তারাপীঠ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসল প্রশাসন, জারি ৯ দফা কড়া নির্দেশিকা

তারাপীঠ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসল প্রশাসন, জারি ৯ দফা কড়া নির্দেশিকা

তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যুর ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আসন্ন কৌশিকী অমাবস্যার আগেই পুণ্যার্থীদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসক, এসডিপিও এবং দমকল আধিকারিকদের যৌথ দল তারাপীঠের একাধিক হোটেলে আচমকা অভিযান চালায়। অগ্নিনির্বাপক ব্যবস্থা, প্রয়োজনীয় নথিপত্র এবং জরুরি নির্গমন পথ খতিয়ে দেখার পর গাফিলতি মেলায় ইতিমধ্যেই ১৫টি হোটেল নোটিস জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাব থাকলে কোনোভাবেই ব্যবসা চালানো যাবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে হোটেলগুলির জন্য বিশেষ ৯ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি নির্গমন পথ কোনোভাবেই আটকে রাখা যাবে না এবং কাঠ বা লোহার বদলে গ্রিল গেট ব্যবহার করতে হবে। এছাড়া করিডোর, ছাদের গেট এবং সিঁড়িতে তালা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অতিথিদের সুরক্ষায় প্রশিক্ষিত কর্মী রাখা, অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয় জানানো এবং জরুরি নম্বর সেভ রাখার কড়া আদেশ দেওয়া হয়েছে। তারাপীঠের এই ঘটনার পর নিরাপত্তা সুনিশ্চিত করতে শ্রীরামপুর এলাকাতেও পুলিশ ও দমকল বাহিনী যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *