বর্ষায় ঘরে ঘরে বাড়ছে হাঁচি-কাশি, এসি ঘর ও ট্যাক্সিই কি আসল অ্যালার্জি হটস্পট

বর্ষায় ঘরে ঘরে বাড়ছে হাঁচি-কাশি, এসি ঘর ও ট্যাক্সিই কি আসল অ্যালার্জি হটস্পট

বর্ষাকাল আসতেই অনেকের হাঁচি, কাশি ও অ্যালার্জির উপদ্রব একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। তবে কেবল বাইরের ধুলোবালি নয়, আমাদের প্রতিদিনের পরিচিত কিছু বন্ধ পরিবেশই হতে পারে এই সমস্যার প্রধান উৎস। বিশেষজ্ঞদের মতে, অফিসের বন্ধ চার দেয়াল, বন্ধ জানালার মেট্রো কিংবা ক্যাবের ভেতরের এসি চালিত পরিবেশ হলো লুকোনো অ্যালার্জি হটস্পট। মেঝের কার্পেট, ফোমের চেয়ার, পুরনো ফাইল, এসি ফিল্টারের ধুলো এবং ছত্রাক বাতাসের সঠিক চলাচল না থাকায় ক্রমাগত ঘোরাফেরা করে। পাশাপাশি কড়া পারফিউম বা কেমিক্যালের তীব্র গন্ধও শ্বাসনালীতে জ্বালা ধরাতে পারে। ট্যাক্সি বা গণপরিবহনে একই বাতাস বারবার ঘোরাফেরা করায় এবং অজস্র মানুষের যাতায়াতের ফলে সিটে জমে থাকা সূক্ষ্ম ধুলো সহজেই নাকে-মুখে ঢুকে পড়ে সমস্যা তৈরি করে।

তবে দৈনন্দিন কাজের প্রয়োজনে এসি, মেট্রো বা ক্যাব ব্যবহার বন্ধ করা বাস্তবসম্মত সমাধান নয়। তার বদলে কাজের টেবিল ও অফিস ধুলোমুক্ত রাখা, নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ কাটানোর মতো সহজ অভ্যাস গড়ে তুলতে হবে। সেই সাথে অতিরিক্ত কড়া সুগন্ধি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তবে অফিসে ঢুকলে বা ট্যাক্সিতে উঠলে যদি ঘন ঘন হাঁচি, নাক বন্ধ, চোখ দিয়ে জল পড়া কিংবা কাশি শুরু হয়, তবে তাকে সামান্য অ্যালার্জি ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। অ্যালার্জির কারণে রাতের ঘুম ব্যাহত হলে কিংবা বুক ঘরঘর করার মতো শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *