‘পরজন্মে ঠিক ডাক্তার হব’—মা-বাবাকে চিঠি লিখে চরম সিদ্ধান্ত নিট পরীক্ষার্থীর!

মহারাষ্ট্রে ফের এক নিট পরীক্ষার্থীর মর্মান্তিক পরিণতি। ডাক্তারি পড়ার স্বপ্নপূরণের প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ১৯ বছরের তরুণ সুরজ সুভাষ শিন্ডে। ছত্রপতি সম্ভাজিনগর জেলার বৈজাপুর তালুকার খান্ডালার বাসিন্দা সুরজ সারাদিন নিজের ঘরেই পরীক্ষার প্রস্তুতি নিতেন। সম্প্রতি তাঁর ঘর থেকেই মৃতদেহ এবং একটি দুই লাইনের আবেগঘন চিরকুট উদ্ধার করে পুলিশ। বাবা-মায়ের উদ্দেশে সেখানে লেখা ছিল, “আমাকে ক্ষমা কোরো… পরজন্মে আমি তোমাদের জন্য অবশ্যই ডাক্তার হব। দয়া করে নিজেদের খেয়াল রেখো।”
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভবিষ্যৎ ও পড়াশোনা নিয়ে মাত্রাতিরিক্ত উদ্বেগের কারণেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন সুরজ। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে। প্রসঙ্গত, গত জুলাই মাসেও মহারাষ্ট্রের আহিল্যনগরে আরেক নিট পরীক্ষার্থী তরুণী বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে না পারার আক্ষেপ লিখে আত্মঘাতী হন। উল্লেখ্য, সম্প্রতি প্রশ্নফাঁসের অভিযোগে নিট পরীক্ষা বাতিল হওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে প্রবল বিতর্ক ও ছাত্রবিক্ষোভ তৈরি হয়েছে। এই চরম প্রতিযোগিতামূলক আবহে তরুণ পরীক্ষার্থীদের এমন মর্মান্তিক পরিণতি নতুন করে প্রবল উদ্বেগের সৃষ্টি করছে।