সিসিটিভিতে শিউরে ওঠার মতো দৃশ্য! হোমওয়ার্ক না করায় শিক্ষিকার প্রহারে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলে হোমওয়ার্ক না করার ‘অপরাধে’ শিক্ষিকার অমানবিক প্রহারে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম প্রণয় তেজা, সে স্থানীয় লিটল গার্ডেন স্কুলের ছাত্র। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে সম্পূর্ণ সুস্থ ও হাসিখুশি অবস্থায় স্কুলে গিয়েছিল শিশুটি। কিন্তু দুপুরে স্কুল কর্তৃপক্ষের বদলে স্থানীয়দের মারফত খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তারা। সেখানে চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত আধ ঘণ্টা আগেই ওই একরত্তি শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালে সন্তানের নিথর দেহ দেখার পর স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন নিহতের বাবা-মা। শিশুটির বাবার অভিযোগ, ফুটেজে স্পষ্ট দেখা গেছে এক শিক্ষিকা তাকে লাঠি দিয়ে মারধর করছেন এবং চরম ভয় ও আতঙ্কে সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একটি এফআইআর দায়ের করে জোরকদমে তদন্ত শুরু করেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।