দৃষ্টিশক্তি হারাচ্ছেন ইমরান খান? সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে তড়িঘড়ি জেল থেকে হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

দৃষ্টিশক্তি হারাচ্ছেন ইমরান খান? সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে তড়িঘড়ি জেল থেকে হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

অবশেষে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। শুক্রবার ভোরে কড়া পাহারায় আদিয়ালা জেল থেকে তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ও ডান চোখের দৃষ্টিশক্তি কমার অভিযোগ করে আসছিলেন আইনজীবীরা। এর প্রেক্ষিতেই শীর্ষ আদালত ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়। আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

গত জানুয়ারিতে ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখে গুরুতর সমস্যা ধরা পড়েছিল। এখন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও একটি বিশেষ মেডিক্যাল প্যানেল স্বাস্থ্য পরীক্ষা করবে। যদিও পাক সরকার প্রথমে আদালতের এই নির্দেশ মানতে নারাজ ছিল। ২০২৩ সালের অগাস্ট থেকে একাধিক মামলায় বন্দি রয়েছেন ইমরান। শীর্ষ আদালতের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই স্বস্তি প্রকাশ করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে দলের তরফে জানানো হয়েছে, এই রায়ের পরেও আগামী ২৭ সেপ্টেম্বরের পূর্বনির্ধারিত দেশজোড়া প্রতিবাদ মিছিলের কর্মসূচি থেকে তারা পিছিয়ে আসছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *