ফের পিছোচ্ছে ভারতের বাংলাদেশ সফর? দিনক্ষণ বদল নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম!

ফের পিছোচ্ছে ভারতের বাংলাদেশ সফর? দিনক্ষণ বদল নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম!

আগামী সেপ্টেম্বরে ভারতের বহুচর্চিত বাংলাদেশ সফর ঘিরে ফের তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। তবে বিসিসিআইয়ের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় জল্পনা তুঙ্গে। এর মাঝেই বিসিবি সভাপতি তামিম ইকবালের মন্তব্যে সিরিজের দিনক্ষণ পিছিয়ে যাওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে। ঢাকায় একটি বয়সভিত্তিক টুর্নামেন্ট ঘোষণার সময় তামিম জানান, ভারত সিরিজ নিয়ে দুই বোর্ডের আলোচনা চলছে এবং তারিখ কিছুটা বদলাতে পারে। তবে সিরিজ চূড়ান্ত হলে দ্রুত ভেন্যু প্রস্তুত করার আশ্বাসও দিয়েছেন তিনি।

অতীতের কিছু তিক্ততার জেরে দুই বোর্ডের সম্পর্কে যে ফাটল ধরেছিল, তা এবার জোড়া লাগার পথে। আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পূর্বতন বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় বোর্ডের সম্পর্কের অবনতি ঘটে। তবে সম্প্রতি বিসিবি-র শীর্ষপদে বসে তামিম ইকবাল ভারতে এসে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ‘সেন্টার অফ এক্সিলেন্স’ ঘুরে যান। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে জমে থাকা বরফ গলার জোরালো আশা তৈরি হয়েছে। এখন ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে, সমস্ত ধোঁয়াশা কাটিয়ে সেপ্টেম্বরেই হাই-ভোল্টেজ এই সিরিজের জন্য ভারতীয় দল পদ্মাপারে পা রাখে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *