মায়ের লাশ আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন ছেলে, নিমতিতায় মর্মান্তিক দুর্ঘটনা
মায়ের মরদেহ আনতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার সকাল সোয়া সাতটা নাগাদ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম আহসান আলি (২৯)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় আহসানের মা সালেমা বিবিকে (৬০) জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে আহসান এবং তাঁর দুই দাদা হাসপাতালে যান। রাতে দুই দাদা হাসপাতালেই থেকে যান এবং আহসান বাড়িতে ফিরে আসেন।
শুক্রবার সকালে মায়ের মরদেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য আহসান পুনরায় নিমতিতা স্টেশন থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন। চলন্ত ট্রেনে ওঠার সময় আচমকা পা পিছলে তিনি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন। আরপিএফ ও জিআরপি সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারে মা ও ছেলের মৃত্যুতে সামশেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের শেরপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রেল পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।