‘সহযোগিতা করতে হবে তদন্তে’— শর্তসাপেক্ষে অন্তর্বর্তী আইনি রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেবাশ্রয় স্বাস্থ্যকেন্দ্র ও শিবির সংক্রান্ত মামলায় হাইকোর্ট থেকে বড় অন্তর্বর্তী আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতারি চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এই রক্ষাকবচ মিললেও তদন্তের স্বার্থে পুলিশ ও তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার এবং প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সাংসদকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’-এর বিরুদ্ধে অনুমোদনহীন চিকিৎসক দিয়ে বেআইনি চিকিৎসা শিবির পরিচালনা, প্রতারণা, জমি অধিগ্রহণ ও আর্থিক অনিয়মের মতো গুরুতর অভিযোগ ওঠে। ভারতীয় ন্যায় সংহিতার ২৭টি ধারায় বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় তাঁর বিরুদ্ধে মোট তিনটি এফআইআর রুজু হয়। এই এফআইআরগুলির বিরুদ্ধে আদালতের আইনি সুরক্ষার আবেদন জানিয়েছিলেন সাংসদ।
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে অভিষেকের বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছে। এই সেবাশ্রয় সংক্রান্ত ৩টি মামলা সহ এ পর্যন্ত মোট ৮টি মামলায় তিনি আদালতের অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন। বাকি ৮টি মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন।