অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি? সুখবর দিলেন শুভেন্দু, চালু হচ্ছে নতুন পোর্টাল!

অন্নপূর্ণা যোজনায় যেসব মহিলার আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য ফের সুযোগ নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদনকারীদের ক্ষোভ সামাল দিতে এবং বাদ পড়াদের যুক্ত করতে চালু করা হচ্ছে বিশেষ ‘ক্লেম অ্যান্ড অবজেকশন’ পোর্টাল। সম্প্রতি কলকাতায় বিজেপি মহিলা মোর্চার এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই পোর্টালের মাধ্যমে যেমন আবেদনকারীরা পুনর্বিবেচনার দাবি জানাতে পারবেন, তেমনই অযোগ্য কেউ সুবিধা পেলে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা যাবে।
বর্তমানে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার অধীনে মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাচ্ছেন। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই সুবিধা পেলেও, পরিবারের কেউ স্থায়ী সরকারি কর্মী হলে বা পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
আবেদন বাতিল হওয়া মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তাঁদের নতুন করে ফর্ম তুলতে হবে না। পূর্বের ফর্ম নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে পোর্টালেই সরাসরি ক্লেম জানানো যাবে। আগের সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের তালিকা সরাসরি না নিয়ে নতুন যাচাই প্রক্রিয়ার কারণ হিসেবে তিনি জানান, পুরনো তালিকায় প্রায় ৩ লক্ষ মৃত ব্যক্তি, অ-ভারতীয় নাগরিক এবং পুরুষদের নাম যুক্ত ছিল। সরকারি অর্থের অপব্যবহার রুখতেই এই কঠোর পদক্ষেপ।
সরকারি তথ্য অনুযায়ী:
- জুন: ২৮ লক্ষ মহিলাকে দিয়ে প্রকল্পের সূচনা।
- জুলাই: সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ২৮ লক্ষ।
- আগস্ট: বর্তমানে সুবিধা পাচ্ছেন ১ কোটি ৪৫ লক্ষ মহিলা (আগস্টের টাকা ২০ তারিখের মধ্যে দেওয়া নিশ্চিত করা হয়েছে)।
বর্তমানে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং ১৪ লক্ষ আবেদন যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। যোগ্য একজন মহিলাও যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে মহিলা মোর্চার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।