সুদর্শনপুরে কারখানা গ্রাস করল বিধ্বংসী আগুন

রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় একটি সাইকেল কারখানায় আচমকাই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার বিকেলে ঘটা এই ঘটনায় মুহূর্তে পুরো এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে, যা দেখা যায় কয়েক কিলোমিটার দূর থেকেও। আকস্মিক এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন দমকল বিভাগ ও স্থানীয় থানায়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাথে সাথে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান পুলিশ সদস্যরাও। কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে। অকুস্থলে বহু উৎসুক জনতা ভিড় জমিয়েছেন এবং বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।