শান্তিকুঞ্জে জুন মালিয়া! শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাতে রাজনৈতিক মহলে জল্পনা!

কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে বর্ষীয়ান রাজনৈতিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। শুক্রবার দুপুরে শান্তিকুঞ্জে পৌঁছে তিনি শিশিরবাবু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেদিনীপুরের সাংসদ জানান, শিশিরবাবু তাঁকে মনভরে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে আরও ভালোভাবে জনসেবা চালিয়ে যাওয়ার মূল্যবান পরামর্শ দিয়েছেন। কাজ করতে গিয়ে কোনও অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন।
এদিন এই সাক্ষাতের পর সাংসদ জুন মালিয়া তাঁর পূর্বনির্ধারিত প্রশাসনিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন। তিনি জানান, এদিন এগরায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আগামী সপ্তাহে নারায়ণগড়, দাঁতন ও কেশিয়াড়ির বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করবেন। এই কার্যক্রমে তাঁর সঙ্গে থাকবেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। এছাড়া, আসন্ন জগদ্ধাত্রী পুজোর সময়ে তিনি আবারও শান্তিকুঞ্জে ফিরে আসবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন।