বালিগঞ্জের কলসেন্টার থেকে সোজা লন্ডনে সাইবার হানা! ডার্ক ওয়েবের জালে গ্রেফতার ৪

কলকাতার বালিগঞ্জে একটি ভুয়া কলসেন্টার থেকে ডার্ক ওয়েব ব্যবহার করে ইংল্যান্ডের নাগরিকদের টার্গেট করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা হাতিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর চক্রের সন্ধান মিলেছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা ও প্রযুক্তিগত নেটওয়ার্কের সহায়তায় বালিগঞ্জের ওই সেন্টারে আকস্মিক অভিযান চালিয়ে তিনজনকে এবং পরবর্তীতে তালতলা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃত চার অভিযুক্ত হলেন জোড়াসাঁকোর ফিরদৌস ইকবাল, বেনিয়াপুকুরের শেখ সাজ্জাদ, কসবার রূপম টিমোথি বিশ্বাস এবং তালতলার সাব্বির আলম। অভিযানস্থল থেকে একাধিক ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহারের এক বাসিন্দার মস্তিষ্কপ্রসূত এই চক্রটি ডার্ক ওয়েব থেকে কাস্টমার কলিং ডেটা সংগ্রহ করত। এরপর তারা টেলিকম সংস্থার কর্মকর্তা সেজে ভিওআইপি অ্যাপের মাধ্যমে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে পাসওয়ার্ডসহ ব্যাংক অ্যাকাউন্টের সব গোপনীয় বিবরণ হাতিয়ে নিত। চাঞ্চল্যকর এই সাইবার অপরাধের বিষয়টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগকে জানানো হচ্ছে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে বাজেয়াপ্ত গ্যাজেটগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রতারণার পুরো জাল উন্মোচন করা যায়।