কমলা ও হলুদ সতর্কতা জারি! আগামী সাত দিন কোন জেলায় কেমন দুর্যোগ থাকবে?

রাজ্যে এখনও কাটেনি দুর্যোগের মেঘ। দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে অব্যাহত রয়েছে বৃষ্টির তাণ্ডব। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শনিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও হলুদ সতর্কতা রয়েছে।
আগামী এক সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতির বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার থেকে সপ্তাহের বিভিন্ন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতসহ বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রাখা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় দুর্যোগ চলতে পারে। তবে আগামী বৃহস্পতি ও শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা আপাতত প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।