দিল্লি এইমসে ভর্তি বিমান বসু! এখন কেমন আছেন বর্ষীয়ান বাম নেতা?

পার্টির জরুরি কাজে কলকাতা থেকে বিমানযোগে দিল্লি যাওয়ার পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। বিমানযাত্রার সময়ই তিনি শারীরিক অস্বস্তি বোধ করেন। দিল্লি বিমানবন্দরে নেমে সোজা একে গোপালন ভবনে পার্টি অফিসে গেলে চিকিৎসকরা তাঁর পরীক্ষা করেন। তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত দিল্লির এইমসে ভর্তি করা হয়। বর্তমানে ৮৭ বছর বয়সি এই নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
এদিকে বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব ও সিপিএমের রাজ্য দপ্তর জানিয়েছে, বিমান বসু বিপদমুক্ত ও সুস্থ আছেন। বয়স ৮৭ বছর হলেও তাঁর পরিমিত আহার এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের সুবাদে তিনি শারীরিকভাবে বেশ ফিট। রুটিন চেকআপের অংশ হিসেবেই তাঁর এই দিল্লি সফর ছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে একদিন হাসপাতালে রাখা হয়েছে এবং সব ঠিক থাকলে আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তাঁর আকস্মিক অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালেও নেতৃত্ব আশ্বস্ত করেছে।