স্ত্রী রোজগার করলেও বাবার দায় কমবে না! সন্তানের ভরণপোষণ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

স্ত্রী নিজে চাকরি বা ব্যবসা করে উপার্জন করলেও সন্তানদের ভরণপোষণের দায়িত্ব থেকে বাবার দায় কোনওভাবে কমে না, এলাহাবাদ হাইকোর্টের আগের সিদ্ধান্ত খারিজ করে এমনই যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ রায় জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে সন্তানের লালন-পালন ও দেখভালের দায়িত্ব মা এবং বাবা উভয়েরই হলেও, সেই অর্থনৈতিক দায়ভার কেবল অঙ্কের হিসেবে মেপে অর্ধেক করে ভাগ করে দেওয়া যায় না।
পেশায় চিকিৎসক এক দম্পতির দুই নাবালিকা কন্যার অন্তর্বর্তী ভরণপোষণ সংক্রান্ত মামলায় ফ্যামিলি কোর্ট মাসে ৬০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে হাইকোর্ট মায়ের আয়ের দোহাই দিয়ে তা কমিয়ে ৩০ হাজার টাকা করে। সেই সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্ট ফ্যামিলি কোর্টের নির্দেশই বহাল রাখে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সন্তানরা মায়ের কাছে থেকে লালিত-পালিত হচ্ছে এবং মা তাদের দৈনন্দিন সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন। তাই মায়ের নিজস্ব আয় থাকার কারণে বাবার দায়িত্ব কোনোভাবেই ৫০-৫০ হিসেবে কমানো যুক্তিসঙ্গত নয়।