ইরানকে ছোঁলেই ট্রাম্পের ‘আর্থিক চাবুক’, কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান

ইরানকে ছোঁলেই ট্রাম্পের ‘আর্থিক চাবুক’, কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান

ইরানের পাশে দাঁড়ালেই সংশ্লিষ্ট দেশকে দিতে হবে চড়া মাশুল। এমনই চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, যে সমস্ত দেশ ইরানকে অর্থনৈতিক বা অন্যান্য উপায়ে ‘লাইফলাইন’ জোগাচ্ছে, তাদের ওপর কঠোর শুল্ক ও আর্থিক জরিমানা চাপানোর নীল নকশা তৈরি করে ফেলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানান, সোমবার এই বিষয়ে বিস্তারিত চূড়ান্ত সিদ্ধান্ত ও বড় ঘোষণা আসতে চলেছে। অতীতে রাশিয়া থেকে জ্বালানি কেনার অপরাধে ভারতের ওপর যেভাবে চড়া শুল্ক চাপিয়েছিল ওয়াশিংটন, ইরানের সাহায্যকারী দেশগুলোর ক্ষেত্রেও একই কৌশল নিতে চলেছে আমেরিকা।

মার্কিন হুমকির মুখে নতিস্বীকার করতে নারাজ তেহরানও। ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা কড়া তোপ দেগেছে ইরান। তেহরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলি আব্দোল্লাহি স্পষ্ট জানিয়েছেন, শত্রুর যেকোনো নতুন হুমকির বিরুদ্ধে ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত তারা। জল, স্থল, আকাশ এবং সাইবার—প্রতিরক্ষার সমস্ত বিভাগকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মার্কিন কোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সামরিক প্রতিঘাতের ইঙ্গিত দিয়ে ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *