বিনা দোষেই বাদ পড়ছেন কুলদীপ? কলম্বো টেস্টের আগে গম্ভীরের এক চাঞ্চল্যকর চাল

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে স্বস্তিতে থাকলেও কলম্বোয় দ্বিতীয় ম্যাচের আগে রণনীতি বদলাতে বাধ্য হচ্ছে ভারতীয় দল। শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট তাদের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি ও প্রথম ম্যাচে ভারতীয় স্পিনারদের দাপট দেখে এবার স্পিন-সহায়ক উইকেট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ফলস্বরূপ, কলম্বোর পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন না বলেই মনে করা হচ্ছে। এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে ভারতের দুটি ম্যাচেই জয় প্রয়োজন। তাই পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল একাদশে বড় পরিবর্তনের পরিকল্পনা করছেন।
সূত্রের খবর অনুযায়ী, কলম্বো টেস্টে তিন স্পিনারের বদলে মাত্র দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে ভারত। এর ফলে প্রথম একাদশে দুর্দান্ত ফর্মে থাকা মানব সুথার ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জায়গা ধরে রাখলেও, কপাল পুড়তে চলেছে কুলদীপ যাদবের। প্রথম ম্যাচে খারাপ পারফর্ম না করা সত্ত্বেও গম্ভীরের নতুন কৌশলগত সমীকরণে পড়ে একাদশ থেকে বাদ পড়তে চলেছেন এই তারকা চায়নাম্যান বোলার। ম্যাচের দু’দিন আগে অনুশীলনেও তাকে দেখা যায়নি, যা তার বাদ পড়ার জল্পনাকে আরও উসকে দিয়েছে।