তারিখের পর তারিখ নয়! নতুন আইনে মিলবে দ্রুত ন্যায়বিচার, শিলিগুড়িতে বড় বার্তা অমিত শাহের

দেশের নতুন ফৌজদারি আইন নিয়ে শুক্রবার শিলিগুড়িতে সাধারণ মানুষকে সহজ ও স্পষ্ট ভাষায় সচেতন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, এতদিন হিন্দি সিনেমা বা নাটকের মতো বিচার ব্যবস্থায় ‘তারিখের পর তারিখ’ দেওয়ার সংস্কৃতি প্রচলিত ছিল, যার জেরে অভিযোগকারী বা অভিযুক্ত উভয়েরই চরম ভোগান্তি হতো। এই দীর্ঘসূত্রতা কাটাতে নতুন ন্যায় সংহিতায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর ফলে পুলিশি তদন্তে আরও নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ মিলবে এবং বিচার প্রক্রিয়ার গতি বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
জিরো এফআইআর ও ই-এফআইআর ব্যবস্থার সুফলের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ, পড়ুয়া এবং ভিনরাজ্যে কর্মরত নাগরিকেরা বিশেষভাবে উপকৃত হবেন। নারী ও শিশু সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়ে তিনি জানান, প্রযুক্তি, স্বচ্ছতা ও সময়সীমা—এই তিন ‘টি’ ব্যবস্থার মাধ্যমেই নতুন বিচার ব্যবস্থা পরিচালিত হবে। একইসঙ্গে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন বজায় রাখার কথাও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন তিনি।