শিক্ষকদের জনগণনার কাজে হাইকোর্টের বড় রায়! ডিউটি নিয়ে কাটল ধোঁয়াশা

শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট করে দিয়েছেন, কোনো শিক্ষককে জনগণনার দায়িত্ব দেওয়া হলে তাঁর ডিউটির সময় কীভাবে নির্ধারিত হবে। নির্দেশ অনুযায়ী, ডিরেক্টর অফ সেনসাসকে নির্দিষ্ট শিক্ষকের কাজের দিন, সময় ও স্থান আগে থেকে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, জনগণনার কাজে নিযুক্ত থাকাকালীন সংশ্লিষ্ট শিক্ষককে স্কুলের ক্লাস নিতে হবে না। ওই নির্দিষ্ট সময়টি সম্পূর্ণভাবে তাঁর জনগণনার ডিউটি হিসেবে গণ্য হবে এবং এটিই তাঁর সরকারি দায়িত্ব বলে বিবেচিত হবে।
এই রায়ের ফলে শিক্ষকদের ঘাড় থেকে বাড়তি চাপের বোঝা কমল। আগের নির্দেশিকায় বলা হয়েছিল, স্কুলের সময়ের পর বা ছুটির দিনে জনগণনার কাজ করতে হবে, যা নিয়ে বিস্তর বিতর্ক দানা বাঁধে। তবে হাইকোর্ট সাফ জানিয়েছে, শিক্ষককে জনগণনার দায়িত্ব দেওয়া হলে তিনি তা এড়াতে পারবেন না। একই সঙ্গে, ওই শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলের পঠনপাঠন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই দায়িত্বভার সম্পূর্ণভাবে স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে। রাজ্যের সংশোধিত নির্দেশিকাতেও জনগণনার সময়টিকে ‘অন ডিউটি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা হাইকোর্টের এই রায়ে সিলমোহর পেল।