CAA বাস্তবায়নে বড় ধাক্কা! জেলাশাসকদের হাতে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দিল কেন্দ্র

পশ্চিমবঙ্গ-সহ দেশের আটটি সীমান্তবর্তী রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার থেকে নাগরিকত্বের আবেদন গ্রহণ, নথি যাচাই, প্রয়োজনীয় তদন্ত ও আবেদন মঞ্জুর করার সমস্ত ক্ষমতা দেওয়া হলো সরাসরি জেলাশাসকদের (District Magistrate) হাতে। এর ফলে আবেদনকারীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে, এবং কেন্দ্রীয় কোনও দফতরে তাদের বার বার চক্কর কাটতে হবে না। আগে এই কাজ পরিচালনার দায়িত্বে ছিল বিশেষ ক্ষমতাপ্রাপ্ত একটি কেন্দ্রীয় কমিটি, তবে এবার জেলা স্তরেই পুরো প্রক্রিয়ার নিষ্পত্তি ঘটানো সম্ভব হবে।
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত লাগোয়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অ-মুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের গতি বাড়াতেই মূলত নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে আসাম ও ত্রিপুরার ষষ্ঠ তফসিলভুক্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলোকে এই নিয়মের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক এবং রাজ্যানুমোদনের জটিলতা কাটিয়ে এবার সরাসরি জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত যোগ্য আবেদনকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়া নিশ্চিত করাই কেন্দ্রের মূল লক্ষ্য।