রাম মন্দির নির্মাণে মহাজালিয়াতি, বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়ে বিস্ফোরক নির্মাণপ্রধান

অযোধ্যার রাম মন্দির নির্মাণ কেন্দ্র করে আর্থিক তছরুপের ছায়া আরও ঘনীভূত হলো। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাইয়ের একটি বিতর্কিত চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমগ্র দেশের রাজনৈতিক মহল তোলপাড়। চম্পত রাইয়ের অভিযোগ, ট্রাস্টে ১৫ জন সদস্য থাকা সত্ত্বেও সমস্ত সিদ্ধান্ত একক ক্ষমতাবলে নিতেন মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এই প্রাক্তন আমলার পছন্দের ওপর ভর করেই নকশা নির্বাচন এবং লারসেন অ্যান্ড টুবরোর মতো সংস্থাকে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত একনায়কতন্ত্রের অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র। তাঁর দাবি, এই চিঠির কোনো সত্যতা নেই এবং এ জাতীয় কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। গোটা ঘটনাটিকে সংবাদমাধ্যমের মনগড়া বিতর্ক বলে আখ্যা দিয়েছেন তিনি। এর আগে রাম মন্দির ট্রাস্টের অনুদানের প্রায় ৩ হাজার কোটি টাকার চুরির অভিযোগে তোলপাড় শুরু হয়েছিল দেশজুড়ে। সেই বিতর্ক থিতিয়ে যাওয়ার আগেই শীর্ষ কর্মকর্তাদের এই কাজিয়া এবং অনিয়মের অভিযোগ মন্দির পরিচালন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।