কলেজের দায়িত্বে জনপ্রতিনিধি! কাদের কাঁধে বড় দায়িত্ব সঁপল উচ্চশিক্ষা দপ্তর?

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন ব্যবস্থায় বড় পরিবর্তন এনে নতুন নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। এতদিন কলেজ পরিচালনার দায়িত্বে যে প্রশাসক ব্যবস্থা চালু ছিল, তা সম্পূর্ণ তুলে দিয়ে এবার সেই স্থান নিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। গত মাসেই সমস্ত কলেজের পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছিল এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বার্তা দেওয়া হয়েছিল। তবে নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতির শীর্ষ পদে মূলত বিধায়ক ও সাংসদদের মনোনয়ন দেওয়া হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বোলপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী স্বয়ং জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতার বিভিন্ন নামী কলেজেও হেভিওয়েট নেতাদের সভাপতি করা হয়েছে। এর মধ্যে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস কোচবিহার কলেজ এবং মন্ত্রী স্বপন দাশগুপ্ত আশুতোষ কলেজ ও যোগমায়া দেবী কলেজের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি, বিধায়ক সজল ঘোষ, তাপস রায়, কৌস্তভ বাগচী এবং তরুনজ্যোতি তিওয়ারিরাও বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।