মাসে দেড় লক্ষ টাকা আয় মায়ের, তবু ভরণপোষণের দায় বাবার! সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

মাসে দেড় লক্ষ টাকা আয় মায়ের, তবু ভরণপোষণের দায় বাবার! সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, মা চাকরি করুন বা বিপুল অঙ্কের উপার্জন করুন, সন্তানের লালন-পালনের খরচ চালানোর প্রাথমিক দায়ভার থেকে কোনোভাবেই মুক্ত হতে পারেন না বাবা। এলাহাবাদ হাইকোর্টের একটি পূর্ববর্তী রায় খারিজ করে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, সন্তান প্রতিপালনের দায়িত্ব কেবল খাতা-কলমের অংক কষে দুটি সমান ভাগে ভাগ করে দেওয়া সম্ভব নয়। মা প্রতিদিন সন্তানদের সঙ্গে থেকে তাঁদের যত্ন নিচ্ছেন এবং পড়াশোনাসহ যাবতীয় দেখভাল করছেন, তাই তাঁর আয়ের অজুহাতে বাবার আইনি কর্তব্য কমে যায় না।

এই বিবাদটি শুরু হয়েছিল এক চিকিৎসক দম্পতির বৈবাহিক বিচ্ছেদকে কেন্দ্র করে। সেখানে পরিবার আদালত দুই সন্তানের জন্য স্বামীকে প্রতি মাসে মোট ৬০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। তবে এলাহাবাদ হাইকোর্ট স্ত্রীর দেড় লাখ টাকার উপার্জনের কথা তুলে ধরে স্বামীর দেওয়ার পরিমাণ অর্ধেক করে ৩০ হাজার টাকা নির্ধারণ করেছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই যুক্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে পরিবার আদালতের সিদ্ধান্তই বহাল রাখে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে স্পষ্টভাবে নিশ্চিত করা হলো যে, স্ত্রীর স্বাধীন আর্থিক সঙ্গতি থাকলেও তা কখনোই কোনো বাবাকে তাঁর সন্তান লালন-পালনের আর্থিক দায়িত্ব থেকে অব্যাহতি বা ছাড় দিতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *