পাটজাত পণ্যে কোটি টাকার লক্ষ্মীলাভ, বালুরঘাটের নারীদের স্বনির্ভরতার বিশেষ ট্রেইনিং শুরু

দক্ষিণ দিনাজপুর জেলাকে স্বনির্ভরতার নতুন আলো দেখাতে শুরু হয়েছে এক বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে স্থানীয় নারীদের কর্মমুখী করতে ১০ দিনের একটি আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ ও তপনসহ জেলার বিভিন্ন প্রান্তের ২০ জন নির্বাচিত নারী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এতে পাটের সুতা ও কাপড়ের মান বিচার, কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে নান্দনিক ব্যাগ, ফাইল ফোল্ডার, জুতো এবং আধুনিক ঘর সাজানোর সামগ্রী তৈরির হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি তৈরি পণ্য সঠিকভাবে বাজারজাত করার কৌশলও শেখাচ্ছেন বিশেষজ্ঞরা।
জেলায় প্রতি বছর অন্তত ৩০ হাজার হেক্টর জমিতে বিপুল পরিমাণ মিঠা ও ম্যাস্তা পাট উৎপন্ন হয়। কিন্তু সঠিক উদ্যোগের অভাবে এই ক্ষয়িষ্ণু শিল্প পর্যাপ্ত গতি পাচ্ছিল না। সেই বিপুল উৎপাদনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতেই এই পরিকল্পনা। কৃষি আধিকারিক শিবানন্দ সিংহ জানান, প্রাথমিক পর্যায়ে ২০ জনকে নিয়ে কাজ শুরু হলেও ভবিষ্যতে আরও বেশি সংখ্যক নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। রাজ্য সরকারের এই বিশেষ প্রয়াস কেবল স্থানীয় পাটশিল্পকে চাঙ্গা করবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে নারীদের নতুন দিগন্তের দিশা দেখাবে।