অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাজ্যজুড়ে ক্ষোভ, মন্ত্রীর মন্তব্যে শোরগোল!

অগস্ট মাস শেষ হতে চললেও বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় রাজ্যজুড়ে বিক্ষোভের ছবি সামনে এসেছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রশমনে আবেদনকারীদের ধৈর্য ধরার বিশেষ অনুরোধ জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী দাবি করেছেন, প্রায় দুই কোটি মহিলার ফর্ম আপলোড করতে কিছুটা সময় লাগছে বলেই ভাতা অ্যাকাউন্টে পৌঁছাতে দেরি হচ্ছে। পাশাপাশি, এই বিলম্বের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তুলে তিনি জানান, তালিকায় অযোগ্যদের নাম ঢুকিয়ে যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে তিনি বলেন, প্রশাসনের ভেতরে থেকে অনেকেই এই প্রক্রিয়ায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন, যা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য রাজ্য সরকারের চালু করা এই জনকল্যাণমূলক প্রকল্প ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র আকার ধারণ করছে।