কন্যাসন্তান বা পুত্রসন্তান নয়, সরকারি হাসপাতালে প্রসব করলেই মিলবে সোনার উপহার!

সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে এবং সরকারি হাসপাতালে প্রসবকে উৎসাহিত করতে এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার। ‘স্বর্ণরং প্রকল্প’-এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের বিনামূল্যে ১ গ্রামের সোনার আংটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, রাজ্য সরকার মোট ৪,৪১,৬৬৭টি সোনার আংটি কেনার পরিকল্পনা করেছে। গত ১৪ জুলাই তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন (TNMSC) আয়োজিত টেন্ডারে ১১টি সংস্থা অংশ নেয়, যার মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘জয় আলুক্কাস’ এবং ‘কল্যাণ জুয়েলার্স’-কে কাজের বরাত দেওয়া হয়েছে। প্রথম দফায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে জন্ম নেওয়া যোগ্য শিশুদের জন্য ১,২৮,৪৯৯টি সোনার আংটি সরবরাহের অর্ডার দেওয়া হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে। সরকারের এই বিশেষ উদ্যোগ অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সমস্ত শিশুই এই সোনার আংটি পাওয়ার যোগ্য হবে। বিপুল পরিমাণ সোনা কেনার এই সরকারি সিদ্ধান্ত এবং স্বাস্থ্যসেবাকে জনপ্রিয় করার এই অভিনব প্রচেষ্টা ইতিমধ্যেই সারা দেশের নজর কেড়েছে।