‘বন্দে মাতরম্‌ বলতেই হবে’, যাদবপুর বিতর্ক নিয়ে তোপ শুভেন্দু অধিকারীর

‘বন্দে মাতরম্‌ বলতেই হবে’, যাদবপুর বিতর্ক নিয়ে তোপ শুভেন্দু অধিকারীর

ভবানীপুরের নর্দান পার্কে আয়োজিত অন্নপূর্ণা যোজনার একটি সরকারি সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে যেকোনো মূল্যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম্‌ গাইতে দেওয়া হয় না, ওড়ে না জাতীয় পতাকা, এমনকি সিসিক্যামেরা বসানো বা শিক্ষা দফতরের প্রবেশেও বাধা দেওয়া হয়। এই প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানান, এ রাজ্যে থাকতে হলে বন্দে মাতরম্‌ গাইতে হবে এবং রাষ্ট্রবাদ ও দেশপ্রেমের সঙ্গে কোনো আপস করা হবে না। যারা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান তুলবে, তাদের মুখ সেলাই করে দেওয়ার দায়িত্ব সরকারের বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ, সনাতন সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ-নেতাজি-বঙ্কিমচন্দ্রের আদর্শ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধী দলগুলোর সমালোচনাকে গুরুত্ব না দিয়ে তিনি জানান, সরকার তার অবস্থান থেকে একচুলও সরবে না।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সাধারণ সভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের জেরেই মুখ্যমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া। সংঘর্ষে একাধিক আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, যার পর সিপিএম ও অতি বাম সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছিল। শনিবারের সভা থেকে সিপিএমকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *