মোদীর জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের ডাক শুভেন্দু অধিকারীর; যাদবপুর নিয়ে কড়া বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ উদযাপনের ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, ওই দিন রাজ্যের প্রতিটি জেলায় উপভোক্তাদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে এবং কলকাতায় প্রায় এক লক্ষ উপভোক্তাকে সঙ্গে নিয়ে তিনি নিজে মূল অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রশ্নে সরকারের অনমনীয় মনোভাবের কথা স্পষ্ট করে তিনি জানান, পশ্চিমবঙ্গে থাকতে হলে প্রত্যেককেই ‘বন্দে মাতরম’ গাইতে হবে এবং এ বিষয়ে কোনও আপস করা হবে না। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ তোলেন, ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং শিক্ষা দফতরের আধিকারিকদের ঢুকতে না দেওয়ার পেছনে একাংশের ‘দেশবিরোধী’ মানসিকতা কাজ করছে।