মেয়ের জন্য জীবন বাজি! ঘুমন্ত সন্তানের ঘর থেকে খালি হাতে বিষধর চন্দ্রবোড়া ধরলেন বাবা

নদিয়ার হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরের ঘটনা। মাতৃহীন একমাত্র নাবালিকা মেয়েকে আঁকড়েই সংসার সঞ্জীব ওরাংয়ের। শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরে ঢুকে তিনি দেখেন, খাটে ঘুমন্ত মেয়ের কাছে কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি অত্যন্ত বিষধর চন্দ্রবোড়া সাপ।
মেয়েটির জীবন বিপন্ন দেখে বিন্দুমাত্র ভয় না পেয়ে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সঞ্জীব। সামনে থাকা একটি প্লাস্টিক দিয়ে তিনি সাপটিকে ধরেও ফেলেন, কিন্তু ততক্ষণে চন্দ্রবোড়াটি তাঁর হাতে ছোবল মারে।
ছোবল খাওয়ার পরও সাহস না হারিয়ে, প্লাস্টিকবন্দি সাপটিকে সাথে নিয়েই তিনি দ্রুত হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে পৌঁছান। শরীরে বিষ ছড়াতে শুরু করলেও চিকিৎসকদের দ্রুত ও তৎপর চিকিৎসায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। প্রয়োজনে তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। সন্তানকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখার এই সাহসিকতার জন্য সঞ্জীববাবুর প্রশংসায় পঞ্চমুখ ডাক্তার ও স্থানীয় বাসিন্দারা।