জেন জি বিতর্কের মাঝেই হঠাৎ প্রজন্ম বদল কঙ্গনার, নিজেকে জেন আলফা ঘোষণা করলেন অভিনেত্রী

নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলনকারী যুবসমাজকে নিয়ে করা মন্তব্য ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই নিজের প্রজন্ম বদলে ফেলেছেন বলিউড অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করে তিনি নিজেকে আনুষ্ঠানিকভাবে ‘জেন আলফা’ হিসেবে ঘোষণা করেছেন। কঙ্গনার দাবি, জেন জি প্রজন্মকে নিয়ে তিনি কোনো অবমাননাকর মন্তব্য করেননি, বরং তার সেই কটাক্ষ ছিল শাবানা আজমির মতো প্রবীণ ব্যক্তিদের জমায়েতের উদ্দেশ্যে। নতুন এই পোস্টে তিনি জানিয়েছেন, জেন আলফা প্রজন্ম সঠিক বিষয়ে কথা বলে এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলে।
এর পাশাপাশি আরও একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা দেশপ্রেমের প্রসঙ্গ তুলে ধরেছেন, যেখানে সৈনিকের পোশাকে থাকা এক শিশুর ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন জেন আলফার রক্তে দেশপ্রেম রয়েছে। অন্যদিকে, সম্প্রতি প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ‘বন্দে মাতরম’ সম্পর্কিত মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। হিন্দু-মুসলিম মানসিকতার ঊর্ধ্বে উঠে সকলকে একে অপরকে আপন করে নেওয়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী। কঙ্গনার এই নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ও প্রজন্ম বদলের ঘোষণা ঘিরে বিনোদন জগতে নতুন করে চর্চা শুরু হয়েছে।