মুম্বইয়ে উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদ! গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫!

মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজোকে কেন্দ্র করে চলা উন্মাদনার মধ্যেই মুম্বইয়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভুলেশ্বর এলাকায় ‘ভূলেশ্বরচা রাজা’ নামে পরিচিত ২২ ফুটেরও বেশি উচ্চতার একটি বিশাল গণেশ মূর্তি শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে যাওয়ার সময় এই বিপর্যয় ঘটে। মূর্তি বহনকারী গাড়ি থেকে বিশাল কাঠামোটি আচমকা উলটে ভিড়ের ওপর পড়ে গেলে এই মর্মান্তিক পরিণতি হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জন চাপা পড়ে মারা যান এবং দুই শিশুসহ কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ, ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ ও পুরসভার কর্মীরা। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। উৎসবের মরশুমে এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিশাল আকৃতির মূর্তি বহনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক কড়াকড়ি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।